রাজধানীর বিভিন্ন থানার নাশকতার ১১ মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কয়েকটি আদালতে ছয়টি মামলা এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একাধিক আদালতে আরও পাঁচটি মামলায় তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতগুলো জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ইসহাক সরকারের আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার একটি মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-১ এর বিচারক আশেক ইমাম ওই রায় দেন।
এ ছাড়া একই বছরের ৭ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানার গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক।
ইসহাক আলী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে মোট ৩২৭টি মামলা হয়। এর মধ্যে ১১টিতে তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘসময় তিনি আত্মগোপনে ছিলেন বলে আইনজীবী পক্ষ জানায়।


