কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের স্পা বিভাগে কর্মরত ছিলেন।
বুধবার দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ মাস ধরে তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, ‘ভাড়া বাসায় এক তরুণীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


