শ্রমিক অসন্তোষে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রিজভী

শ্রমিক অসন্তোষে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রিজভী
সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে উসকানি দিচ্ছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।

সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে পরাজিত শক্তি। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সরকার অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিনিয়োগ আনার চেষ্টা করছেন। এ অবস্থায় বিরোধী দলের বিপ্লবের কথা বলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা না করে দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিএনপির ১৭ বছরের আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দলটি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। এতে নেতাকর্মীরা রক্ত দিয়েছেন ও জীবন উৎসর্গ করেছেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে মিশে গোপনে কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে জামায়াতকে গুপ্ত সংগঠন বলেও মন্তব্য করেন রিজভী।

আরও পড়ুন

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সংকটের মুখোমুখি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটেছে। এতে কলকারখানা ও বাসাবাড়িতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন।

রিজভী বলেন, দেশে সামাজিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি সহনশীলতার নীতিতে বিশ্বাসী। চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে জামায়াতসহ বিভিন্ন দলের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্ন নেতাকে ফাঁসির মুখোমুখি করেছে। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা সফল হবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন করতে চায়। ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও তার জোট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। চোরাইপথে কিংবা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা জনগণ মেনে নেবে না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে রিজভী বলেন, জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম জোরদার হবে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য এমরান আহমদ ও আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad