নওগাঁয় কারা হেফাজতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের (৫৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গিয়েছে। তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা এখন বলা যাবে না।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, ‘আমিও শুনছি জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন। তবে হাসপাতাল থেকে অফিসিয়াল কোনো কাগজ পাওয়া বা জানা যায়নি।’
তিনি আরও জানান, এদিন সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে, তাকে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠানো হয়। জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন।


