ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।
অন্যদিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানায়, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বর্তমানে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। এ ছাড়া রাজধানীর পল্লবীর কালশী রোডেও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।’

এছাড়া গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা।
গত কয়েকদিন ধরেই কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।


