রাফির স্বপ্ন এখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক

রাফির স্বপ্ন এখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক
ছবি: বাসস
Advertisement
Advertisement

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের সুইমিংপুলের নীল জলরাশিতে রাফি যেন হয়ে উঠেছিলেন অদম্য। তাকে ছাড়িয়ে যাওয়ার সাধ্য কারোরই ছিলনা। নিজেই যেন নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। একের পর এক নতুন জাতীয় রেকর্ড গড়ে সদ্য সমাপ্ত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা সাঁতারুর খেতাব জিতেছেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। এনিয়ে টানা চতুর্থবারের মতো জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হলেন রাজবাড়ীর এই তরুণ তুর্কি।

গত দুই বছর থাইল্যান্ডে প্রশিক্ষণ নেওয়ায় পারফরমেন্সের উন্নতি হয়েছে বলে জানান রাফি। পারফরমেন্সের আরও উন্নতি করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলার স্বপ্ন দেখছেন তিনি।

বাসসের সাথে আলাপকালে ২২ বছর বয়সি রাফি বলেন, ‘২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলতে চাই। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আমি স্বপ্ন দেখছি। এজন্য পারফরমেন্সের আরও উন্নতি করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য পরিশ্রম ও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নিজেকে তৈরি করছি।’

২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারাটা নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা অর্জন বলে জানান রাফি। তিনি বলেন, ‘২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করাই এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় অর্জন। তখন আমি এখনকার মত এত ইভেন্টে আধিপত্য করতে পারতাম না। এখন আস্তে আস্তে ভালো করছি। অলিম্পিকে অংশ নেবার স্বপ্ন প্রতিটি ক্রীড়াবিদেরই থাকে, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে অংশ নেয়া এবং সেখানে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধত্ব করা আমরা জন্য অনেক বড় ব্যাপার ছিল। এরপর থাইল্যান্ডের সাউথ এশিয়ান গেমসে যে রেকর্ড করলাম, সেটাও আমরা বিশেষ প্রাপ্তি। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সাউথ এশিয়ান রেকর্ড করেছি। এই সাফল্য আমাকে অনুপ্রেরণা দিচ্ছে।’

৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় মোট ৭টি স্বর্ণপদক জিতেছেন রাফি। এরমধ্যে ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ৫০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪০০ মিটার মিক্সড মিডলে রিলে’তে রেকর্ড গড়েন রাফি।

আরও পড়ুন

পারফরমেন্সের উন্নতির পেছনে রহস্য জানাতে গিয়ে প্রতিশ্রুতিশীল সাঁতারু রাফি বলেন, ‘আমি বিগত দুই বছর থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছি। পারফরমেন্স ভালো হওয়ায়, থাইল্যান্ড থেকে ফ্রান্সে ট্রেনিং করার সুযোগ পাই। ফ্রান্সে বিশ্ব মানের অনেক সাঁতারু আছে। সেখানে তাদের সাথে প্রশিক্ষণ নিয়েছি। সেখানে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। অভিজ্ঞতা হয়েছে, যা প্রতি মুর্হূতে কাজে লাগাতে পারছি।’

৫০মিটার ব্যাকস্ট্রোকে ২৫.৮১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন রাফি। আগের রেকর্ডটিও রাফির ছিল। ২০২৫ সালের আসরে ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। এবার ৫০মিটার ব্যাকস্ট্রোকের পারফরমেন্স দেখে নিজেই অবাক হয়েছেন রাফি, ‘৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক আমার প্রিয় ইভেন্ট, সেখানে আমি স্বর্ণপদক পেয়েছি। ৫০মিটার ব্যাকস্ট্রোকে যে টাইমটা হয়েছে এটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল, আশা করিনি যে, এত ভালো টাইম হবে। এমন ফলাফল দেখে আমি প্রথমে অবাক হয়েছি। তবে আমার খুব খুশি লাগছিল। আমি বিশ্বাস করি এই ফলাফল আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমার পারফরমেন্সে উন্নতি হয়েছে এবং এটি আমার জন্য ইতিবাচক দিক। সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবল ইচ্ছা আছে সেটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’

মাত্র আট বছর বয়সে সড়ক দূর্ঘটনায় বাবাকে হারান রাফি। ২০১৬ সালে সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় ‘সেরা সাঁতারুর খোঁজ’-এ অংশ নিয়ে মূল পর্যায়ে খেলার সুযোগ পান তিনি। সাঁতার ফেডারেশনের ক্যাম্পে নিজের জাত চেনান রাফি।

তিনি বলেন, ‘গ্রামে মাত্র তিন বছর বয়সে প্রথম সাঁতার শিখেছি। ২০১৬ সালে ‘সেরা সাঁতারুর খোঁজে’র মাধ্যমে আমি প্রথম প্রতিযোগিতামূলক পর্যায়ে এসেছি। আমি যখন সাঁতারে আসি, তখন বুঝার চেষ্টা করি, তখন থেকেই ইচ্ছা জাগে দেশের মধ্যে সেরা সাঁতারু হবো। নৌবাহিনী হচ্ছে অনেক সাতারুর কাছে আইকনিক দল। সেই সুবাদে নৌবাহিনীতে যোগ দেই।’

তরুণদের সাঁতারে এগিয়ে আসার পরামর্শও দিয়েছেন রাফি। এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রাম-গঞ্জে অনেক ছোট বয়স থেকেই সবাই খেলার ছলে বা আনন্দ মজা করতে করতে সাঁতার শুরু করে। কিন্তু পেশাগতভাবে আমরা অনেক দেরিতে সাঁতার শুরু করি। কিন্তু বিদেশে ছোটবেলা থেকেই সাঁতারকে পেশা হিসেবে নিয়ে একজন সাঁতারু সেভাবেই নিজেকে তৈরী করেন। তাদের অভিভাবকরা সাঁতার নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে। সন্তানদের অনেক বেশি উৎসাহ দেয়। আমি মনে করি, আমাদের দেশে যদি অভিভাবকরা উৎসাহ দেয়, তাহলে অনেক সাতারু পাওয়া যাবে, যা দেশের জন্য ভালো হবে।’

ডিসেম্বরে চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড অ্যাকুংয়াটিক্স সুইমিং চ্যাম্পিয়নশিপ (২৫ মিটার) অনুষ্ঠিত হবে। বৈশ্বিক আসরের ১৮তম সংস্করণে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সেমিফাইনালে খেলার লক্ষ্য রাফির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad