ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ পাওয়া যায়। পরে সিরাপসহ অ্যাম্বুলেন্সটি জব্দ।
আটক দুজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশের দাবি, অভিনব কৌশলে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদকগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ওই দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য আড়াই হাজার টাকা। সে হিসাবে ৬৭২ বোতল সিরাপের মোট মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


