সোমবার ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ। জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানানোর দীর্ঘদিনের রীতি এবার ভাঙলেন বলিউড বাদশাহ।
তবে প্রিয় তারকাকে একনজর দেখতে মধ্যরাতে মান্নাতের সামনে জড়ো হওয়া হাজারো ভক্তকে নিরাশ করেননি তিনি। সশরীরে হাজির না হলেও ভক্তদের জন্য রেখে গেছেন নিজের হাতে লেখা একটি বিশেষ বার্তা।
শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাত থেকেই মান্নাতের সামনে ভিড় করেন অসংখ্য ভক্ত। তাদের জন্য বাড়ির বাইরে বিশাল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় শাহরুখের হাতে লেখা একটি চিঠি। সেখানে ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ভক্তদের ধন্যবাদ জানান অভিনেতা।
চিঠিতে শাহরুখ লেখেন, ‘তোমাদের সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার পক্ষ থেকেও সবার জন্য রইল একই ভালোবাসা। অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।’
জন্মদিনের আয়োজন ঘিরে মান্নাতের বাইরে ছিল শাহরুখের আগামী সিনেমা ‘কিং’-এর বিশেষ প্রদর্শনীও। বড় পর্দায় সিনেমাটির কিছু দৃশ্যের পাশাপাশি দেখানো হয় দুটি সংলাপ, ‘কিং আকেলা কাফি হ্যায়’ এবং ‘ডর নেহি, দেহশত হুঁ’। ফলে জন্মদিনের আনন্দের সঙ্গে ভক্তদের জন্য যুক্ত হয় প্রিয় তারকার নতুন সিনেমার ঝলকও।
তিন বছরের বেশি সময় পর প্রেক্ষাগৃহে আসছে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ‘ডানকি’ ছিল বড় পর্দায় তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।


