গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ ফিলিস্তিনির
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

গাজা উপত্যকায় পৃথক দুই ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার গাজার স্বাস্থ্যকর্মী ও হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পশ্চিম অংশে আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। গাজা নগরীতে চালানো হামলার বিষয়েও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এক বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের। এ অভিযোগের পর গত কয়েক সপ্তাহে গোষ্ঠীটির ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন

তবে নতুন করে হামলা চালানো কিংবা যুদ্ধের অস্ত্র সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে হামাস। গোষ্ঠীটির পাল্টা অভিযোগ, গাজা শান্তি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সই করা যুদ্ধবিরতি চুক্তিতে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছিল। তবে আলোচনায় হামাসের অস্ত্র সমর্পণ এবং উপত্যকার প্রায় দুই তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতা না হওয়ায় সেই প্রক্রিয়ায় খুব বেশি অগ্রগতি হয়নি। এসব এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের আগেই সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

গাজার ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই এখন উপত্যকার অবশিষ্ট এক তৃতীয়াংশ এলাকায় বসবাস করছেন। যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় তারা ধ্বংসস্তূপের মধ্যে অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত বাড়িঘরে কোনোরকমে দিন কাটাচ্ছেন। এলাকাটি এখনো হামাসের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের দাবি, একই সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad