২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা। খুলনা অঞ্চলের অন্যতম সেরা ইংরেজি ভার্সন প্রতিষ্ঠান হিসেবে সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্মত শিক্ষা দেওয়ায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই বিশেষ স্বীকৃতি কুড়িয়েছে।
এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে প্রতিষ্ঠানটি থেকে মোট ৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উল্লেখ্য, যশোর বোর্ডে এ বছর মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করে, যার মধ্যে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা অন্যতম।
প্রাতিষ্ঠানিক অর্জনের পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৬’-এ প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় (স্কুল) হিসেবে তৃতীয় স্থান অধিকার করে। এ ছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান, (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন।
এই সাফল্যের জন্য স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল) প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আগামীতে পাসের এই ধারাবাহিকতা ও গুণগত মান বজায় রাখতে পরিচালনা পর্ষদের সভাপতি সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


