দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সহযোগী সংস্থার কর্মকর্তা, বায়োসিকিউরিটি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি ও হুমকির ধরন পর্যালোচনার পাশাপাশি এসব হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।


