সিটি করপোরেশনসহ সেবা প্রদানকারী সংস্থার বর্জ্যবাহী গাড়ি যেন পরিবেশ দূষণের কারণ না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডিএসসিসির একটি বর্জ্যবাহী ট্রাক খোলা অবস্থায় চলতে দেখে সেটি থামানোর নির্দেশ দেন তিনি। ট্রাকটিতে কোনো ছাউনি বা আচ্ছাদন না থাকায় চালক ও সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চান প্রশাসক।
এ সময় আবদুস সালাম বলেন, ‘সিটি করপোরেশন হবে অন্যান্য সব সংস্থার জন্য সেবা ও শৃঙ্খলা বাস্তবায়নের রোল মডেল। সেখানে এ ধরনের দায়িত্বহীনতা ও ত্রুটি একেবারেই অনাকাঙ্ক্ষিত।’
খোলা ট্রাকে বর্জ্য পরিবহনের কারণে রাস্তায় ময়লা ছড়িয়ে পড়তে পারে। ছড়াতে পারে দুর্গন্ধও। এতে নাগরিকদের দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও গাড়িচালকদের কঠোর নির্দেশ দেন তিনি।
এ ছাড়া নগরীর পরিবেশ দূষণ রোধ ও সৌন্দর্য রক্ষায় খোলা ট্রাকে বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন প্রশাসক। বিভিন্ন নির্মাণপ্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে এ ধরনের পরিবহন বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।


