চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের ৩২২ নম্বর কক্ষের সামনে ছাদের বড় একটি পলেস্তারা খসে পড়েছে। শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
হলের অধিকাংশ ব্লকে বিভিন্ন স্থানে নিয়মিত পলেস্তারা খসে পড়ার ঘটনায় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। তারা এ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।
হলের আবাসিক শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের সম্পূর্ণ ব্লকের অধিকাংশ স্থানজুড়ে এ ধরনের পলেস্তারা আলগা হয়ে রয়েছে। প্রতিনিয়ত চলাচলের সময় এক ধরনের শঙ্কা কাজ করে। আমার কক্ষেরও একটি অংশ ভাঙা। নিরাপদে চলাচলের জন্য দীর্ঘস্থায়ী সমাধান চাই।’
হলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক বলেন, ‘আলাওল হল বিশ্ববিদ্যালয়ের প্রথম হল হওয়ায় বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত এসব স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। কিন্তু হল প্রশাসন ও প্রকৌশলীরা কোনো স্থায়ী সমাধান দিচ্ছেন না। জোড়াতালি দিয়ে শুধু সাময়িক সমাধান করা হচ্ছে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি।’
আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরনবী হাসান বলেন, ‘এভাবে হুটহাট ছাদের আস্তরণ ভেঙে পড়া আলাওল হলের শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই হল সংসদের পক্ষ থেকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাব।’
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মুহাম্মদ আমান উল্লাহ বলেন, ‘হলের সংস্কারকাজের জন্য ইতিমধ্যে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত একটি বিলও জমা দেওয়া হয়েছে। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে খুব দ্রুত সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।’


