দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে বলে মনে করেন তিনি।
বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। তরুণদের মধ্যে মাদকের প্রবণতা বাড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের নতুন করে ভাবতে হবে। এ জন্য যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। একইভাবে, কোনো প্রধান শিক্ষক শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত থাকলেও তা সহ্য করা হবে না।
সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।


