যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি রাজৈর থানার বাজিতপুর ইউনিয়নের আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়ার তথ্যের ভিত্তিতে মাদারীপুর রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতার আসামিকে আদালতে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করা হয়।


