জাবি ক্যাম্পাস থেকে উদ্ধার বিপন্ন প্রজাতির কচ্ছপ

জাবি ক্যাম্পাস থেকে উদ্ধার বিপন্ন প্রজাতির কচ্ছপ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে বিপন্ন প্রজাতির ইন্ডিয়ান পিকক সফটশেল কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রংপুকুর ও মেডিকেল পুকুরের মধ্যবর্তী সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করেন সংরক্ষণকর্মী অরিত্র সত্তার।

বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে আল-বেরুনী হলের দিকে যাওয়ার পথে কচ্ছপটি দেখতে পান অরিত্র। পরে সেটি উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যান তিনি।

কচ্ছপটির খোলসের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার ও প্রস্থ ৪৬ সেন্টিমিটার। ঘাড়ের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। প্রাথমিক পর্যবেক্ষণে কচ্ছপটিকে সুস্থ মনে হয়েছে। তবে জন্মগতভাবে এর ডান সামনের পা নেই বলে জানান অরিত্র।

আরও পড়ুন

তিনি বলেন, কচ্ছপটিকে আপাতত বাসার একটি সুইমিং পুলে অল্প পানিতে রাখা হয়েছে। এর শারীরিক অবস্থা পরীক্ষা করতে একজন পশুচিকিৎসককে ডাকা হয়েছে। পাশাপাশি বন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রাণিবিদ্যাবিদ অধ্যাপক এম এ আজিজ বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি অত্যন্ত বিরল। এটি এ অঞ্চলের স্থানীয় প্রজাতি নয়। সাধারণত বড় নদীতে এ ধরনের কচ্ছপ দেখা যায়। কেউ হয়তো কচ্ছপটিকে এখানে ছেড়ে দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

ইন্ডিয়ান পিকক সফটশেল কচ্ছপের বৈজ্ঞানিক নাম Nilssonia hurum। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় প্রজাতিটিকে ‘বিপন্ন’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad