জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আগামী জানুয়ারির মধ্যে সরকার জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সে লক্ষ্যে সাংবিধানিক সংশোধনীর ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়েছে। এর কিছু অংশ সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এবং কিছু অংশ আইনি ও বিধিবিধান পরিবর্তনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সরকার সংবিধান সংশোধনীর উদ্যোগ নিলেও বিরোধী দল এতে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।

সোমবার সকালে রাজধানী ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা শুনেছি গতকালকে বিরোধীদলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবে না, ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন। এটাই আমরা চাই, ১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন।’

‘বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল ত্রুটি ধরে দেবেন এটাই আমরা চাই। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান দুটোর মধ্যে মিল থাকতে হবে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হিসেবে ধারণ করতে হবে।

জুলাইয়ের চেতনাকে শুধু বার্ষিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিফলিত করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা ও জুলাইয়ের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জাতীয় সনদ প্রণীত হয়েছে। এই সনদের পাশাপাশি শহীদদের আকাঙ্ক্ষাকে সাংবিধানিক, আইনি ও উন্নয়ন কর্মকাণ্ডে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad