আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা

আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। ছবি: এক্স
Advertisement
Advertisement

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। ওই ভিডিও বার্তায় তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের তরুণ সমাজের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতে চলমান স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের ছাত্রসমাজ।

সম্প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে।

ভিডিও বার্তায় নেহা বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা ও লাল সালাম জানাচ্ছি। আমরা জানি, আমাদের দেশে বর্তমানে যে জেন-জি প্রজন্মের আন্দোলন চলছে, তার শুভসূচনা প্রথম হয়েছিল বাংলাদেশে। তারাই আমাদের এই রাজপথের আন্দোলনের পথ দেখিয়েছে।’

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া সফল আন্দোলনের জন্য বাংলাদেশি তরুণদের প্রতি অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেভাবে গণতান্ত্রিক ও ভোটাধিকার আদায়ে ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠেছিল, একইভাবে আমাদের দেশেও বর্তমানে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষায় তীব্র আন্দোলন চলছে। বাংলাদেশের তরুণেরা যেভাবে মৌলবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, একই মৌলবাদের বিরুদ্ধে আমাদের দেশের তরুণেরাও লড়ে যাচ্ছে।’

আরও পড়ুন

মোদি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের জন্য বাংলাদেশের ছাত্রসমাজ মূল দিকনির্দেশক হিসেবে কাজ করেছে উল্লেখ করে নেহা বলেন, ‘আপনাদের এই সাহসী লড়াই আর আমাদের দেশের তরুণদের চলমান লড়াই মূলত একই সূত্রের গাঁথা। আপনারা এই সর্বাত্মক আন্দোলনে আমাদের মূল পথপ্রদর্শক।’

ভিডিও বার্তায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধি চর্চার ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই বাম নেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে মুক্তচিন্তাকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষা খাতকে বেসরকারীকরণের পাঁতারা চলছে। পাশাপাশি নানা ধরনের রাজনৈতিক অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের দাবিকে দমিয়ে রাখার চেষ্টা দেখা যাচ্ছে। ঠিক একইভাবে ভারতের শিক্ষাঙ্গনগুলোতেও উগ্র ডানপন্থী বা গেরুয়া শিবিরের প্রভাব বাড়ছে। তাদের প্রতিহত করতে আমরা আপনাদের মূল আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। আপনাদের এই নেতৃত্বমুখী সংগ্রাম থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছি এবং উদ্বুদ্ধ হচ্ছি। আশা করি, সবাই মিলে আমরা একটি উন্নত, বৈষম্যহীন দক্ষিণ এশিয়া ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।’

সম্প্রতি ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নেহা বোরা। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে লাইভ ভিডিওর মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে দ্রুততম সময়ে ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখে পরিণত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad