সাতক্ষীরার সীমান্ত নদী কালিন্দী দিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় এ চেষ্টা প্রতিহত হয়েছে।
শুক্রবার দুপুরে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কালিন্দী নদীর মধ্যবর্তী ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানটি খুরমী বিওপি থেকে দক্ষিণে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে।
বিজিবি জানায়, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
খুরমী বিওপির নিয়মিত টহল দল বিষয়টি দেখতে পেয়ে নিজস্ব স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। বিজিবির তৎপরতায় বিএসএফ সদস্যরা ব্যর্থ হয়ে দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।’


