আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জামায়াতের লংমার্চ কর্মসূচি সেই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে রাশেদ বলেন, এই সংকটের সমাধানে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। অথচ বিরোধী দল এই সংকটকে অজুহাত করে চট্টগ্রাম ও রংপুরের উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি পরিচালনা বা ঘোষণা করছে।
জামায়াতের সমালোচনা করে তিনি দাবি করেন, দলটি স্বার্থের জন্য আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। তার মতে, আওয়ামী লীগ ও জামায়াতের আমিরের বক্তব্য একই সূত্রে গাঁথা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। তবে পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলে জানিয়ে দিয়েছেন। জামায়াতের ওপর কটাক্ষ করে তিনি বলেন, একই অনুরোধ জামায়াত প্রধানকে করা হলে তিনি এতদিনে দিল্লিতে থাকতেন।
বক্তব্যের সময় রাশেদ ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে তিনি স্থানীয় শিশুদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা দেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন এবং জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


