ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে পাঁচ সদস্যের প্রতিনিধিদল শুক্রবার রাতে ঢাকা ছাড়বে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে।
প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী ও মিজ সাকিলা ফারজানা এবং জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম অংশ নেবেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত নেওয়া হবে।
কায়সার কামাল সম্মেলনে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার অ্যালান উইনডের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের নেতাদের সঙ্গেও সংসদীয় গণতন্ত্রের চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে প্রতিনিধিদল কর্মশালায় অংশ নেবে। সম্মেলন শেষে প্রতিনিধিদল আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফিরবে।


