চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
তিনি আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের সাহস ও সান্ত্বনা দেন।
গত বুধবার হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন। গুরুতর আহত হন এক সেনা কর্মকর্তা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।
নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।


