গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ

গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বিকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ইলেকট্রিক সার্কিটসহ বিস্ফোরণের বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে জড়ো হচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে সাদা ধোঁয়া দেখা যায়। আতঙ্কিত হয়ে নেতাকর্মী ও স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ন ও বিভিন্ন আলামত দেখতে পান তারা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কের পাশে থাকা একটি দেবদারু গাছের ওপর একটি এবং মাটিতে আরেকটি বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ন ও বিভিন্ন আলামত জব্দ করে।

আরও পড়ুন

এরপর বিকাল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতাকর্মীরা জড়ো হলে পার্শ্ববর্তী আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে আরও একটি বোমাসদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরিত বোমাসদৃশ বস্তুর সঙ্গে উদ্ধার হওয়া অবিস্ফোরিত বস্তুর মিল রয়েছে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরিত ও অবিস্ফোরিত বস্তু দুটি একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর