গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে গাইবান্ধা শহরের ভি এইড রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


