চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের মেয়াদ বাড়িয়ে বিক্রি, অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, পণ্যের প্যাকেটে মনগড়া তারিখ দেওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে চার লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি ডেইরি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নগরের আগ্রাবাদ এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে পরিচালিত তদারকি অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে আগ্রাবাদের ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিস’ নামের প্রতিষ্ঠানে তদারকির সময় নানা অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামে একটি পণ্য বাজারজাত করছিল। তবে ওই পণ্যের বিএসটিআই অনুমোদন না থাকলেও প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল।
শুধু তাই নয়, অভিযানে পণ্যের প্যাকেটে মনগড়া উৎপাদন ও মেয়াদের তারিখ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ফুল ক্রিম গুঁড়ো দুধ তৈরির ক্ষেত্রে সঠিক ফর্মুলা অনুসরণ না করারও প্রমাণ মেলে।
অভিযানকারীরা দেখতে পান, মেয়াদ শেষ হয়ে যাওয়া গুঁড়ো দুধের প্যাকেটের তারিখ পরিবর্তন বা ‘ডেট টেম্পারিং’ করে সেগুলো পুনরায় বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানের পণ্য প্যাকেটজাত করার স্থানেও চরম অপরিচ্ছন্নতা দেখা যায়। সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায়। খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার এমন পরিবেশ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
এসব অনিয়ম ও ভোক্তা-স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিস’কে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানের উৎপাদন, প্যাকেটজাতকরণ ও সংরক্ষণ প্রক্রিয়া পরিদর্শন করেন এবং অনিয়মের বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করেন।
একই অভিযানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পাশে অবস্থিত ‘জনতা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ‘বার্গার বাইট’ নামের একটি ফাস্টফুড দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।


