গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ

গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ
পলাশবাড়ীতে বিষে মারা যাওয়া হাঁস-মুরগি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে প্রায় ১৭০টি হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এতে ১ লাখ ২ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

অভিযোগকারী মোছা. কমেলা বেগম উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. দুখু মিয়ার স্ত্রী। অভিযুক্তরা একই গ্রামের মৃত আদা মিয়ার ছেলে মো. অছু মিয়া (৫৫), মো. আব্দুল হাই (৫২) ও আব্দুল হাইয়ের স্ত্রী মমিনা বেগম (৫০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে কমেলা বেগম ও তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় ক্ষতিসাধন, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

শনিবার সকালে পরিবারের সদস্যরা খোয়াড় থেকে হাঁস-মুরগিগুলো ছেড়ে দেন। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির আশপাশে গিয়ে তারা প্রায় ১৭০টি হাঁস-মুরগি পড়ে থাকতে দেখেন। পরে সেগুলো বিষক্রিয়ায় মারা গেছে বলে দাবি করেন তারা। এতে প্রায় ১ লাখ ২ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন কমেলা।

আরও পড়ুন

কমেলার অভিযোগ, বিষয়টি অভিযুক্তদের জানালে তারা হুমকি দিয়ে বলেন, ‘আজ শুধু হাঁস-মুরগি বিষ দিয়ে মেরেছি, ভবিষ্যতে পরিবারের লোকজন ও ছোট শিশুদেরও বিষ প্রয়োগসহ যেকোনো উপায়ে হত্যা করা হবে।’

কমেলা বলেন, ‘হাঁস-মুরগিগুলো কীভাবে মারা গেছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। একই সঙ্গে আমাদের পরিবারকে দেওয়া হুমকির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হোক।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত অছু মিয়া ও আব্দুল হাইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পলাশবাড়ীর হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন আলী রোববার বিকালে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। এখানে বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে। বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করতে বলেছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad