৩ মাস ১৬ দিন পর সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবার মাছ ধরা শুরু করবে জেলেরা। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের ওপর জারি করা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সোমবার এক বিবৃতিতে একথা জানায় রাঙামাটি জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ১০ আগস্ট রাত ১২টা থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার করা যাবে। মঙ্গলবার ভোর ৬টা থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অবতরণ ঘাটে আহরিত মাছ সরবরাহ ও বাজারজাত করা যাবে।
বিএফডিসি সূত্র জানায়, কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং হ্রদে অবমুক্ত করা পোনার সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে মাছের পোনার বংশবিস্তারের জন্য ৩১ জুলাই সময় থেকে বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।


