যশোর থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে (ফাতাহ কমব্যাটে) সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এ বি সিদ্দিক ওই আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা তাহসীন ইসলামকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে এনে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই সঙ্গে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। তবে এ সময় আসামি তাহসীনের পক্ষে কোনো জামিন আবেদন ছিল না।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। অভিযানের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। তৃতীয় নম্বর আসামি হিসেবে তার বিরুদ্ধে আগে একটি ডাকাতি মামলাও রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ফাতাহ কমব্যাটের বিষয় জড়িতদের সম্পর্কে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং বিষয়গুলো এখনো তদন্তাধীন।


