দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এতে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
এর আগে, দুই দফা বাড়ার পর গত সোম ও বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। এ সময় দুই দিনে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম কমেছিল ৬ হাজার ৫৯০ টাকা।
চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৮৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৪ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রূপার দামও বেড়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ভরি প্রতি ৪ হাজার ৭২৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৯১৬ টাকায়।


