জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার এই আদেশ দেন। বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি হয়। পরে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল।
আইনজীবী আরও জানান, আগামী ১৪ জুলাই নূর মোহাম্মদের জামিন শুনানি রয়েছে। তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইবেন বলে তারা আশা করছেন। জামিন শুনানির দিন রিমান্ড শুনানির পর আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


