ঝিনাইদহের শৈলকুপায় এক বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি প্রণোদনার সার ও ধানবীজ উদ্ধার করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি উপকরণ নির্ধারিত স্থানে না রেখে ব্যক্তিগত বাড়িতে মজুত করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে ৮ বস্তা সার ও ২২ প্যাকেট ধানবীজ রাখা ছিল। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও কৃষকরা সেখানে জড়ো হন। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তালিকা অনুযায়ী কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষক দলের সদস্য মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, ‘আব্দুল্লাহ মণ্ডল এর আগেও সরকারি বরাদ্দ বাড়িতে এনে রাখতেন। কিছু বিতরণ করে বাকিগুলো বিক্রি করে দিতেন।’
১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ মালিথা বলেন, ‘ওয়ার্ড সভাপতির বাড়িতে সরকারি সার-বীজ কেন রাখা হলো, তা আমার জানা নেই। নিয়ম অনুযায়ী এগুলো নির্ধারিত স্থান থেকে বিতরণ হওয়ার কথা।’
অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ মণ্ডল বলেন, ‘কৃষি অফিস থেকে সার-বীজ এনে বাড়িতে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে বিতরণ করা যায়নি। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষকদের দেওয়া হয়েছে।’
মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন বলেন, ‘খবর পেয়ে আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে যাই। সেখানে সরকারি তালিকা অনুযায়ী কৃষকদের মধ্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে।’ তবে ব্যক্তিগত বাড়িতে এগুলো রাখার অনুমতি ছিল কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।


