মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় দেন। অন্যদিকে একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের আট সহযোগীকে খালাস দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মো. সেলিম খান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের আট সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে ১৩ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।


