টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে আবারও পাহাড়ধসে বসত ঘর চাপা পড়ে এক নারী মারা গেছেন। তার স্বামী ও সন্তানকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, টানা বৃষ্টিতে পাহাড়ধসে এলাকার বাসিন্দা জসিমউদ্দিনের ঘর মাটিতে চাপা পড়ে। এসময় ঘরে থাকা জসিমউদ্দিন, তার স্ত্রী নাসিমা আক্তার ও এক সন্তান ভেঙে পড়া ঘরের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা ঘরের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
এনিয়ে দুইদিনে টানা বৃষ্টিতে কক্সবাজার জেলায় পাহাড় ধসের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ জনের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহর ও পেকুয়া উপজেলায় মারা গেছে তিনজন।
ইউএনও তাহমিনা আক্তার জানান, ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানেননি।


