জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সেলফী পরিবহনের ছয়টি বাস আটক করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
সোমবার বিকfল প্রায় ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘটনাটি ঘটে। ঘটনার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সেলফী পরিবহনের কয়েকটি বাস আটকে রাখেন।
আহত শিক্ষার্থী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আফরিনের ভাষ্য, প্রধান ফটকের সামনে নামার উদ্দেশ্যে তিনি বাসের দরজার কাছে দাঁড়িয়েছিলেন। বাসটির গতি কিছুটা কমলেও পুরোপুরি থামার আগেই তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। এতে তিনি সড়কে পড়ে পায়ে আঘাত পান। তিনি জানান, ঠিক পেছনেই আরেকটি বাস চলছিল। সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল, ফলে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে সেলফী পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, তাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী আহত হওয়ার খবর তারা জেনেছেন। ঘটনার জেরে শিক্ষার্থীরা পরিবহনটির ছয়টি বাস আটকে রেখেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে সংশ্লিষ্ট বাস এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


