কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন এবং উখিয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭)। বর্তমানে তিনি রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন।
বিজিবি সূত্র জানায়, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী সীমান্তের দিকে একটি মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
একপর্যায়ে একটি মিনিট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা, অর্থাৎ মোট ৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ এবং দুজনকে আটক করা হয়।
রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার যাচাই করেছি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো এবং পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জব্দ করা সার, পরিবহনে ব্যবহৃত গাড়ি ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তের চোরাচালান প্রতিরোধের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।’


