নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১৩) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনামিকা দাস ওই গ্রামের আবু চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় কান্দাপাড়া সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে পাড়ার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা। একপর্যায়ে সে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বিষয়টি জানালে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার বলেন, দুর্গাপুর গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

