বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির খবরকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত গণবিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পর্যটন স্পট বন্ধ বা ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।
জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাস্তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণ ও পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং এ ধরনের ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে গত ২১ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত জরুরি গণবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বান্দরবানের কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা শাখার সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেনের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল।
বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, বান্দরবানের কোনো পর্যটন স্পটে বর্তমানে ভ্রমণ নিষেধাজ্ঞা নেই।


