চট্টগ্রাম নগরের হালিশহর আই ব্লক এলাকায় বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টা ৫৩ মিনিটে হালিশহরের একটি বসতবাড়িতে আগুন লাগার খবর পায় তাদের কন্ট্রোল রুম। এর পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক কক্ষের পাকা একটি ঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে হালিশহর থানা-পুলিশের একটি দলও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।’
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় কয়েকজনের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অবশ্য বিষয়টি নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।


