৫৪ বছরের বেইমানির বিরুদ্ধে ১২ তারিখ ‘লাল কার্ড’: জামায়াত আমির

৫৪ বছরের বেইমানির বিরুদ্ধে ১২ তারিখ ‘লাল কার্ড’: জামায়াত আমির
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজসংলগ্ন হ্যালিপ্যাড মাঠে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি স্বাধীনতার পর গত ৫৪ বছর ধরে জাতির সঙ্গে ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা ও বেইমানি করা শক্তির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন।

বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজসংলগ্ন হ্যালিপ্যাড মাঠে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে দুটি ভোট থাকবে–একটি ‘হ্যাঁ’, যা আজাদির প্রতীক, আরেকটি ‘না’, যা গোলামির প্রতীক। মা-বোনদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে ইনসাফ কায়েম করতে তিনি প্রথম ভোটটি ‘হ্যাঁ’তে এবং দ্বিতীয় ভোটটি ১১ দলীয় জোটের প্রার্থীদের দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, তিনি কেবল জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চান; ‘হ্যাঁ’ ভোটের বিজয় মানেই জনতার বিজয়।

উত্তরাঞ্চলকে অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, তিস্তা এই অঞ্চলের অহংকার। তিস্তাকে উত্তরবঙ্গের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে এবং যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে দেশের কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়ন এবং সড়ক ও রেলপথের আমূল উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

রাজনীতিতে গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনীতি ব্যবসা, চাঁদাবাজি বা দাঙ্গাবাজির নাম নয়। রাজনীতির নামে যারা মা-বোনদের গায়ে হাত তোলে, তাদের বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দল বিপদের সময় দেশ ছেড়ে পালায়, কিন্তু জামায়াত বসন্তের কোকিল নয়; সুখে-দুঃখে দেশের মাটি আঁকড়ে ধরে থাকবে।

জামায়াত আমীর বলেন, রাজনীতির নামে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি ও রাজনীতি একসঙ্গে চলতে পারে না। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, সমৃদ্ধির দায়িত্ব থাকবে তরুণদের হাতে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী ১৩ তারিখ বাংলাদেশের পূর্ব আকাশে এক নতুন সূর্য উদিত হবে।

বক্তব্য শেষে তিনি লালমনিরহাট ও নীলফামারীর সাতটি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এবং লালমনিরহাট-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। এ ছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এর আগে সকালে কুড়িগ্রামে আরেকটি জনসভায় অংশ নিয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে তিস্তা হ্যালিপ্যাড মাঠে পৌঁছান শফিকুর রহমান। জনসভায় লালমনিরহাট ও নীলফামারী জেলার নেতাকর্মী ও সমর্থকসহ অন্তত অর্ধ লক্ষ ভোটার অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad