আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ কাছের থানায় বা বৈধ ডিলারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারীর সই করা প্রজ্ঞাপনে এ নিদের্শনা জারি করা হয়। সোমবার বিষয়টি প্রচারের জন্য গণমাধ্যমে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ লাইসেন্সধারীর (স্থায়ী/বর্তমান) ঠিকানার নিকটস্থ থানায়/বৈধ ডিলারের নিকট লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন।’
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলেও সেখানে উল্লেখ করা হয়।
তবে যেসব ব্যক্তির জন্য এই আদেশ প্রযোজ্য হবে না তারা হলেন, আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরী।
আবার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যারা আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পেয়েছেন তাদের জন্যও এই নির্দেশ প্রযোজ্য হবে না।
এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।


