টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। রোববার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে তাই এনে দিয়েছে বাংলাদেশের সামনে অজিদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিং জুটি ব্যর্থ হলেও তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও লিটন দাসের ফিফটিতে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ।
মাথায় চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বদলে দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। জাভিয়ের বার্টলেটের বল ইনসাইড এজে বোল্ড হন তিনি। ৫৩ রানের মাথায় ম্যাট রেনশর বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান।
এরপর ৫০ বলে ২৪ রান করা শান্ত বোল্ড হয়েছেন রেনশর ফুল ডেলিভারিতে সুইপ করতে গিয়ে। বল তার ব্যাটের কানা ছুঁয়ে উইকেট ভেঙে দিলে পতন হয় তৃতীয় উইকেটের। সেই ধস সামাল দেন হৃদয় ও লিটন। চতুর্থ দুজন গড়েন ৯৫ রানের জুটি। তবে ব্যক্তিগত ৪৮ রানে পায়ে টান লাগায় মাঠ ছাড়েন লিটন, এরপর নিজের ১৩তম ফিফটি পূর্ণ করেন হৃদয়। বেন ডুয়ারশুইসকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৮৩ রানে আউট হন এই ডানহাতি ব্যাটার। এর আগে নিজের পঞ্চম ফিফটি ছোঁয়া মোসাদ্দেক হোসেনের সাথে তিনি গড়েন ৯০ রানের জুটি।
মোসাদ্দেক অপরাজিত ছিলেন ৫৬ রানে। পঞ্চম উইকেট পতনের পর অবশ্য মাঠে ফেরেন লিটন, এরপর পূর্ণ করেন মিরপুরে নিজের প্রথম ওয়ানডে ফিফটি, সব মিলিয়ে ওয়ানডেতে এটি তার ১৪তম ফিফটি।
দুটি করে উইকেট নেন বার্টলেট ও রেনশ। এক উইকেট নেন ডুয়ারশুইস।


