মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা চালু হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার প্রায় সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। একই সময়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আইসিইউসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনা হয়। ২০২৩ সালের নভেম্বরে আইসিইউ ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এতদিন সেখানে কোনো সেবা চালু হয়নি।
আইসিইউ সেবা না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হতো। এতে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা আইসিইউ চালুর দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে এবং শেষ পর্যন্ত আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হয়।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রাথমিকভাবে হামে আক্রান্ত অসুস্থ শিশুদের জন্য আইসিইউ সেবাকে অগ্রাধিকার দেওয়া হবে। পরে অন্যান্য রোগীদের জন্যও এ সেবা চালু থাকবে।
তিনি আরও বলেন, ‘২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে এটি ১০০ শয্যার জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। হাসপাতালটিকে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে জেলার স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।’
উদ্বোধন অনুষ্ঠানে সিভিল সার্জন শরিফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অখিল সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


