ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এর সঙ্গে রিটে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।
রোববার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মুরাদ ভূঁইয়া এ রিট আবেদন করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, ‘ওসমান হাদির হত্যাকারী ও সহযোগিতাকারীদের শনাক্তে পুলিশের ব্যর্থতা, সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, নিরাপত্তা ও চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতে এবং সম্ভাব্য মৃত্যুর ক্ষেত্রে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত বিচারিক তদারকি করতে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না মর্মে রুল চাওয়া হয়েছে।’


