অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, তিনি হাতপাখা প্রতীকে ভোট চাইতে জনগণের কাছে এসেছেন নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার লক্ষ্যে। ইসলামী রাজনীতির পক্ষে ঐক্য গড়ার চেষ্টা করা হলেও জামায়াতে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে আসায় ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এককভাবে পথ চলার সিদ্ধান্ত নিতে হয়েছে।
রোববার আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়, দেশের সর্বস্তরের জনগণ ও উলামায়ে কেরাম তাদের সঙ্গে রয়েছেন। এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ-৬ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর সমর্থনে ফুলবাড়িয়া এবং ময়মনসিংহ-৪ আসনে মনোনীত প্রার্থীর সমর্থনে ময়মনসিংহ শহরে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
তিনি দাবি করেন, অতীতে বিএনপি ও জামায়াত ক্ষমতায় থেকেও মানুষের চাওয়া-পাওয়া পূরণ করতে পারেনি, বরং সেই সময় দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে।
পীর সাহেব চরমোনাই বলেন, জনগণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ দুর্নীতির মূলোৎপাটন করা হবে এবং জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, অনেক প্রার্থী উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সঠিক নীতি প্রণয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসনবিভাগকে জবাবদিহিতায় বাধ্য করেন, তাহলে উন্নয়ন স্বাভাবিকভাবেই দেশের সব নাগরিকের কাছে পৌঁছে যাবে।
গত ৫৪ বছরে উন্নয়নের নামে দুর্নীতি, খুন-গুম ও টাকা পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, এসবের কারণে দেশ দিন দিন পিছিয়ে পড়েছে। দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতির উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতৃত্ব পরিবর্তনের নয়, নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন আহমদসহ অন্যান্য নেতারা।


