আসন্ন সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি লিখিত জবাব দাখিল করেন।
পরে বিকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া জবাবের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নওশাদ জমিরের ভাই ব্যারিস্টার নওফল জমির। তিনি দাবি করেন, রিটার্নিং কর্মকর্তার নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবসম্মত নয়।
নওফল জমির বলেন, অভিযোগগুলো প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় লাগানো সকল ব্যানার ও ফেস্টুন আচরণবিধি মেনেই লাগানো হয়েছে বলে লিখিত জবাবে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে নওফল জমির আরও বলেন, তারা কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করেননি। তাই প্রচার সামগ্রী জোরপূর্বক অপসারণ করার কোনো যৌক্তিকতা নেই। তিনি প্রশাসনকে উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নওশাদ জমিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে জবাব চান রিটার্নিং কর্মকর্তা। নওশাদ জমির ছাড়াও এনসিপির প্রার্থী সারজিস আলমকেও একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


