হবিগঞ্জে সড়কে গাড়ি থেকে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শহরের কালীগাছতলা এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কামড়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আনোয়ারপুর গ্রামের কাছম আলীর ছেলে হিরণ মিয়া (৩৪) ও নাতিরপুর গ্রামের মৃত নিনু মিয়ার ছেলে রনু মিয়া (৩২)।
আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়।


