হবিগঞ্জের বাহুবল উপজেলায় বালুবোঝাই ট্রাক ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–পিকআপচালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী। আশরাফুলের বাড়ি সিলেটের শাহপরান এলাকায় এবং লিটন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সিলেটগামী সবজিবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে আশরাফুল মারা যান।
গুরুতর আহত লিটন গাজীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, সংঘর্ষে পিকআপ চালক আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। আর সবজি ব্যবসায়ী লিটন গাজীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।


