দুর্নীতি দমন কমশিনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ ও তার স্ত্রী ফেরদৌস আরার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ
মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুর রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক হতে ২ হাজার ২৫০ কোটি টাকা ঋণ নেওয়া, ওভার ইনভয়েস ও ডুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। এই অভিযোগগুলোসহ তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


