সরকারি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় সরবরাহকৃত নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে মিড-ডে মিলের খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকার জানিয়েছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যেই মাদারীপুরের জেলা প্রশাসক ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
এ ছাড়া নিম্নমানের খাবার সরবরাহের দায়ে সংশ্লিষ্ট সরবরাহকারীদের সঙ্গে চুক্তি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
অন্যদিকে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন এবং দোষী সরবরাহকারীর বিরুদ্ধে দ্রুতই শোকজ নোটিশ দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিরাপদ খাদ্য আইনের অধীনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এমন যেকোনো অনিয়মের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।


