সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
ঈদের জামাত শেষে মুসল্লিরা ইসলামের মহান আদর্শ ও ত্যাগের শিক্ষা অনুসরণ করে পশু কোরবানি দেন।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদুল আজহা উদযাপন করছেন।
ভিন্ন দিনে ঈদ উদযাপনকে ঘিরে শহরজুড়ে কৌতূহলের সৃষ্টি হলেও শান্তিপূর্ণ পরিবেশে জামাত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


